
ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় মোহাম্মদ আলমগীর (৪৬) নামে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য নিহত হয়েছেন। তিনি এসআরবি-৭ ফেনী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার (ডিএডি) হিসেবে কর্মরত ছিলেন। গত শনিবার মধ্যরাতে ফেনী সদর উপজেলার ফতেহপুর স্টারলাইন ফুয়েল পাম্পসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীরের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার মনাটিয়া গ্রামে এবং তাঁর বাবার নাম নুরুদ্দীন আহমেদ। সেনাবাহিনী থেকে প্রেষণে তিনি এসআরবিতে যোগ দিয়েছিলেন। ফেনীতে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় ট্রাকচাপায় মোহাম্মদ আলমগীর (৪৬) নামের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সেনাসদস্য নিহত হন।
এসআরবি ফেনী ক্যাম্প সূত্র জানিয়েছে, মাদক চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই এলাকায় তল্লাশি চৌকি বসানো হয়। অভিযানে এসআরবি সদস্যরা একটি কাভার্ড ভ্যান থামানোর চেষ্টা করলে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক এসে সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে অবস্থানরত ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আলমগীরকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় ট্রাকচালক মোহাম্মদ সজীব (৪৫) গুরুতর আহত হয়েছেন। তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার শ্যামপুরের সালাম গাজীর ছেলে।
দুর্ঘটনার পর আহত দুজনকে উদ্ধার করে দ্রুত ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন। আহত ট্রাকচালক বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, ট্রাকচাপায় ক্যাম্পের সদস্যের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পরপরই দুর্ঘটনা কবলিত ট্রাক ও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।
আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে ময়নাতদন্ত সম্পন্ন করার পর আজ রোববার দুপুরে নিহত আলমগীরের মরদেহ এসআরবি ব্যাটালিয়নের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০