
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র চর হেয়ার থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য সাইদুল প্যাদার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, এই বালু দিয়ে মাছের ঘেরের বাঁধ নির্মাণ ও তা বিক্রির কাজ চলছে। সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিওতে দেখা যায়, চর হেয়ারের সমুদ্রসৈকতের বালুচর থেকে ট্রলারে করে বালু তোলা হচ্ছে। সেখানে ট্রলারের স্টাফ মঞ্জু বিশ্বাসসহ কয়েকজন শ্রমিককে বালু উত্তোলনের কাজে ব্যস্ত থাকতে দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সাইদুল প্যাদা রাঙ্গাবালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন। সেই প্রভাব কাজে লাগিয়ে তিনি নিরীহ মানুষকে মারধর ও হয়রানিসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। ৫ আগস্টের পর ‘অপারেশন ডেভিল হান্ট’ চলাকালে রাঙ্গাবালী থানা-পুলিশ তাকে আটক করেছিল। তবে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর দাবি, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তিনি দ্রুত মুক্তি পেয়ে যান।
বালু উত্তোলনের বিষয়ে ট্রলারের স্টাফ মঞ্জু বিশ্বাস প্রথমে জানান, সাইদুল মেম্বারের মাছের ঘেরের বাঁধ নির্মাণের জন্য বালু নেওয়া হচ্ছে। তবে পরে নিজের বক্তব্য পরিবর্তন করে তিনি দাবি করেন, মাছের ঘের নয়, বরং গরুর ঘর নির্মাণের জন্য বালু নেওয়া হয়েছে। তবে বালু বিক্রির বিষয়টি তিনি অস্বীকার করেছেন। এদিকে, অভিযুক্ত ইউপি সদস্য সাইদুল প্যাদার কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি সরাসরি কোনো উত্তর না দিয়ে সন্ধ্যায় দেখা করার কথা জানান, কিন্তু পরবর্তীতে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
চরমোন্তাজ বিট কর্মকর্তা নাসির উদ্দিন জানিয়েছেন, তিনি সাইদুল মেম্বারের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তিনি বালু নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অন্যদিকে, রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান জানান, তিনি বর্তমানে ছুটিতে আছেন এবং ২৫ তারিখ অফিস করবেন। বিষয়টি সম্পর্কে বিস্তারিত না জেনে তিনি এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি, তবে খোঁজ নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০