
নোয়াখালীর সেনবাগ উপজেলায় ধানখেতের পাশ থেকে খাজা মাইনউদ্দিন ওরফে মানিক (৪৮) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের দক্ষিণ গোরকাটা গ্রাম থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ নোয়াখালী জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মানিক বাড়ির কাছে নিজের ও প্রতিবেশী জাকির হোসেনের জমির পাশ দিয়ে গবাদি পশুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাঁকে খুঁজতে শুরু করেন। শুক্রবার সকালে বাড়ি থেকে মাত্র ৫০ গজ দূরে ধানখেতের আইলে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। সেখানে ফসল রক্ষার উদ্দেশ্যে ইঁদুর মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে তাঁর পা জড়িয়ে ছিল বলে স্থানীয়দের ভাষ্য।
সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন জানান, স্থানীয় জাকির হোসেন তাঁর খেতের ফসল রক্ষায় চারপাশ ঘিরে খোলা জিআই তার দিয়ে অবৈধ বৈদ্যুতিক ফাঁদ তৈরি করে রেখেছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ফাঁদেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানিকের মৃত্যু হয়েছে।
ঘটনার বিষয়ে পুলিশ পরিদর্শক হযরত আলী আরও বলেন, জনবহুল এলাকায় খোলা তার দিয়ে এভাবে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক ফাঁদ তৈরি করা আইনত অপরাধ। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে সে অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০