
সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো জমিতে পানি সেচ দেওয়া ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মৃত্যুর সংখ্যা বেড়ে দুই হয়েছে। বুধবার ভোরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুজিবুর রহমান (৪০) নামের এক ব্যক্তি মারা যান। এর আগে মঙ্গলবার সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন তাঁর চাচাতো ভাই মতিউর রহমান (৫০)। নিহত দুজনই উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও (চন্ডি হেদায়েতপুর) গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে পীরেরগাঁও গ্রামের আরব আলীর ছেলে আলমগীরের সঙ্গে একই গ্রামের আছির উল্লাহর ছেলে আবুল কাশেমের জমিতে পানি সেচ ও মাছ ধরা নিয়ে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এর জেরে মঙ্গলবার দুপুরে উভয় পক্ষ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় প্রতিপক্ষের ছুলফির আঘাতে আলমগীরের পক্ষের কৃষক মতিউর রহমান বুকে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
এই রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে মুজিবুর রহমান ও আতাউর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মুজিবুর রহমানের মৃত্যু হয়।
জগন্নাথপুর থানার এসআই নূর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত এক পুরুষ ও তিন নারীসহ মোট চারজনকে আটক করা হয়েছে। বর্তমানে তাদের সুনামগঞ্জ আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় পুলিশ ১ জন পুরুষ ও ৩ জন নারীসহ মোট চারজনকে আটক করেছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০