ভারতের কেরালা রাজ্যের কোচিতে এক চিকিৎসককে মারধর ও তাঁর ব্যক্তিগত সামগ্রী ছিনিয়ে নেওয়ার অভিযোগে মালয়ালম সিনেমার অভিনেতা বিবিন পেরুমপল্লি ও অভিনেত্রী অতুল্য চন্দ্রকে গ্রেপ্তার করেছে কোচি পুলিশ। বৃহস্পতিবার এই দুজনকে গ্রেপ্তার করার পাশাপাশি তাদের সাথে সংশ্লিষ্ট আরও একজনকে আটক করা হয়েছে। ২ নভেম্বর কোচির ভিট্টিলা এলাকার একটি অ্যাপার্টমেন্টে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। ধর্ষণ ও যৌন নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত অভিনেতা রাসেল।
ভুক্তভোগী ৪১ বছর বয়সী ওই চিকিৎসক জানান, পরিচিত অভিনেত্রী অতুল্য চন্দ্র তাঁর আত্মীয় অসুস্থ বলে তাকে ফোন করে অ্যাপার্টমেন্টে ডাকেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সেখানে পৌঁছানোর পর তিনি দেখতে পান যে ১২ জন ব্যক্তি অপেক্ষা করছেন। অভিযোগ অনুযায়ী, সেখানে যাওয়ার পরপরই তাঁকে ঘিরে ফেলা হয় এবং মাদক প্রয়োগ করে যৌন হেনস্তার মিথ্যা অভিযোগ তোলা হয়। এরপরই ওই চিকিৎসকের ওপর শারীরিক নির্যাতন চালানো হয় এবং তাঁকে বন্দি করে রাখা হয়।
চিকিৎসক অভিযোগে উল্লেখ করেছেন, অভিনেতা বিবিন পেরুমপল্লি সবার আগে তাঁর মুখে আঘাত করেন এবং অন্যরা মারধরে যোগ দেন। একই সঙ্গে অতুল্য চন্দ্র তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। মারধরের এক পর্যায়ে চিকিৎসকের দুটি মুঠোফোন, একটি স্মার্টঘড়ি ও ওয়্যারলেস ইয়ারফোন কেড়ে নেওয়া হয়। ভুক্তভোগীর ভাষ্যমতে, ছিনিয়ে নেওয়া এসব সামগ্রীর বাজারমূল্য প্রায় ৩ লাখ ২৫ হাজার রুপি। সেখান থেকে ছাড়া পাওয়ার পর তিনি কদাভানথ্রা থানায় অভিযোগ দায়ের করেন।
এই ঘটনায় ১২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে, যেখানে বিবিন পেরুমপল্লি এক নম্বর এবং অতুল্য চন্দ্র তিন নম্বর আসামি। ভারতীয় ন্যায় সংহিতার আওতায় বেআইনিভাবে আটকে রাখা, মারধর, ডাকাতি ও অপরাধমূলক ভীতি প্রদর্শনের অভিযোগে এই মামলা হয়েছে। পুলিশ জানায়, ঘটনার পেছনের আসল উদ্দেশ্য নিশ্চিত হতে তদন্ত চলছে। চিকিৎসককে সুপরিকল্পিতভাবে ফাঁদে ফেলে সেখানে ডাকা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। অন্য অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভারতীয় দণ্ডবিধির পরিবর্তে বর্তমানে কার্যকর ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলাটি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে চাইছে না পুলিশ।
গ্রেপ্তারকৃত বিবিন পেরুমপল্লি একজন পরিচিত অভিনেতা ও প্রযোজক। গত বছর মুক্তি পাওয়া মালয়ালম সুপারহিরো সিনেমা ‘লোকাহ: চ্যাপ্টার ১—চন্দ্র’-তে পুলিশের চরিত্রে অভিনয় করে তিনি খ্যাতি পান। এছাড়া ‘সীতা রামম’, ‘কিং অব কোঠা’ ও ‘ররশাচ’ সিনেমাতেও তাঁর কাজ রয়েছে। অন্যদিকে অভিনেত্রী অতুল্য চন্দ্র মালয়ালমসহ বিভিন্ন দক্ষিণ ভারতীয় ভাষার সিনেমায় পরিচিত মুখ, যার মধ্যে ‘ডাইস ইরে’, ‘গানগান্ধর্বন’, ‘ইন্নালে ভারে’ ও ‘উইর’ উল্লেখযোগ্য।






