ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (ইইউবি) নিজস্ব অডিটোরিয়ামে শুক্রবার বিকেলে বর্ণাঢ্য আয়োজনে ২০২৬ সেমিস্টারের নবীনবরণ, গ্র্যাজুয়েটদের বিদায় সংবর্ধনা এবং বিশ্ববিদ্যালয়ের চ্যাম্পিয়ন ক্রিকেট দলের সদস্যদের সম্মাননা জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: গোলাম মরতুজার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান সঞ্চালকের দায়িত্ব পালন করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. হাসনুন নাহার। অনুষ্ঠানে ট্রেজারার, অনুষদগুলোর ডীন, বিভাগীয় প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটে ৩২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে চ্যাম্পিয়ন হওয়া ইইউবি ক্রিকেট দলের সদস্যদের বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান। সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, ৩২টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এই অসাধারণ জয় শুধুমাত্র খেলোয়াড়দের কঠোর পরিশ্রমেরই ফসল। ‘ওয়ান টিম, ওয়ান ড্রিম, ওয়ান ভিক্টোরি’—এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে অর্জিত এই সাফল্য পুরো বিশ্ববিদ্যালয়ের মর্যাদা আরও উঁচুতে নিয়ে গেছে।
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে উপাচার্য তাদের উচ্চশিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত নিয়ে উৎসাহিত করেন। পাশাপাশি বিদায়ী গ্র্যাজুয়েটদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অর্জিত জ্ঞান দেশ ও সমাজের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান তিনি। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে।





