সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি আপত্তিকর ভিডিওর ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে সংগঠনের প্রচার সম্পাদক মাওলানা নুরুল ইসলামের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। দলের গঠিত তদন্ত কমিটি ঘটনার সত্যতা পাওয়ার পরই তাঁর বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আব্বাস উদ্দিনের বিরুদ্ধে আনা চারিত্রিক স্খলনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এর প্রেক্ষিতে তাকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং জেলা কমিটির জয়েন্ট সেক্রেটারি মাওলানা সালাউদ্দিনকে ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত রোববার কেন্দ্রীয় কমিটি পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিল, যার নেতৃত্ব দেন জেলা শাখার সভাপতি কামাল উদ্দিন।
দলীয় সূত্রে জানা গেছে, রাজনীতির পাশাপাশি আব্বাস উদ্দিন স্থানীয় একটি কওমি মাদ্রাসার পরিচালকের দায়িত্ব পালন করছেন। ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে তাঁকে এক নারীর সঙ্গে আপত্তিকর কথা বলতে দেখা যায়, যা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মাওলানা আব্বাস উদ্দিন। তাঁর দাবি, ভিডিও কলে থাকা নারী তাঁর স্ত্রী এবং ভিডিওটি কয়েক মাস আগের। তিনি জানান, ভিডিওটি সংরক্ষিত থাকা মুঠোফোনটি সম্প্রতি চুরি হয়েছে এবং কোনো মহল রাজনৈতিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে।





