ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় তারকা জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলি দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় ফিরছেন তাদের সপ্তম সিনেমা ‘দেশু ৭’ নিয়ে। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি পরিচালনাও করেছেন দেব। দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। প্রচারের কাজে এখন ব্যস্ত সময় পার করছেন এই জুটি। এর আগে সিনেমার ট্রেইলার ও গান প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের মাঝে বেশ উত্তেজনা তৈরি হয়েছে। এমনকি প্রচারের সময় দেব ও শুভশ্রীর রোমান্টিক মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চার জন্ম দিয়েছে, যা সিনেমাটিকে পূজার অন্যান্য ছবির তুলনায় অনেকটা এগিয়ে রেখেছে। তিক্ততা ভুলে ফের জুটি বেঁধে হইচই ফেলে দিয়েছেন। তাছাড়া প্রচারে গিয়ে দেব কখনো শুভশ্রীর হাতে, কখনো কপালে চুমু খেয়ে আলোচনার জন্ম দিয়েছেন। ফলে পূজায় টলিউডের যে কটি সিনেমা মুক্তি পাবে, সেই তালিকার শীর্ষে রয়েছে ‘দেশু ৭’। কাজের ফাঁকে চোখের সাগরে ডুবেছেন দেব-শুভশ্রী। তবে বেশ আগে সম্পর্কের ইতি টেনে নিজেদের আলাদা আলাদা পথ বেছে নেন।
বাণিজ্যিক সফলতার নিশ্চয়তার কথা মাথায় রেখেই দেব শুভশ্রীকে নায়িকা হিসেবে বেছে নিয়েছেন। এই সংসদ সদস্য ও অভিনেতা নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, শুভশ্রী যদি ‘দেশু ৭’-এর টিমে থাকে, তবে তার জেতার ৯৯ শতাংশ সম্ভাবনা থাকে। মূলত এই কারণেই তাকে প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন তিনি। ব্যক্তিগত জীবনে একসময়ের প্রেম ছিল এই জুটির, যা বর্তমানে অতীত হলেও পর্দায় তাদের রসায়ন বরাবরই দর্শকপ্রিয়তা পেয়েছে।
মুক্তির আগেই বক্স অফিসে ইতিবাচক সাড়ার ইঙ্গিত দিচ্ছে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রির পরিসংখ্যান। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, প্রতিবেদনটি তৈরির সময় পর্যন্ত পাঁচ দিনে মোট ৫৫ হাজার ১টি অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। ১৬ হাজার ১৩টি শো থেকে এই অগ্রিম বুকিংয়ের মাধ্যমে আয় হয়েছে প্রায় ৯০ লাখ ৭৬ হাজার রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১৬ লাখ টাকা। দৈনিক হিসাব অনুযায়ী, প্রথম দিনে ১৭ হাজার ২৩১টি, দ্বিতীয় দিনে ১২ হাজার ১৯৬টি, তৃতীয় দিনে ১১ হাজার ৪৭৬টি, চতুর্থ দিনে ৭ হাজার ১৮২টি এবং পঞ্চম দিনে ৬ হাজার ৯১৬টি টিকিট বিক্রি হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ দিনে ৫৫ হাজার ১টি অগ্রিম টিকিট বিক্রি হয়েছে।
প্রসঙ্গত, দেব ও শুভশ্রীর ক্যারিয়ারের এটি সপ্তম যৌথ সিনেমা। তাই সিনেমাটির নাম রাখা হয়েছে ‘দেশু ৭’। ছবিটিতে এই জুটি ছাড়াও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, প্রিয়াঙ্কা সরকার, কাঞ্চন মল্লিক ও লোকনাথ দে-র মতো তারকারা। প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি তোলা ফটোশুট ও নানা আয়োজনেও ভক্তদের নজর কেড়েছেন এই দুই তারকা।





