খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবন লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের কে ডি ঘোষ রোডে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে আসা দুই যুবক ভবনের বাইরের সড়ক থেকে সিঁড়ি লক্ষ্য করে পেট্রলবোমাটি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। বোমাটি সিঁড়িতে পড়ার পর বিস্ফোরিত হয় এবং কিছুক্ষণ আগুন জ্বলে, যা পরবর্তীতে নিজে থেকেই নিভে যায়। নগর ভবনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সামনের সড়ক থেকে একটি বস্তু ভবনের দিকে ছুড়ে মারা হচ্ছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও সিঁড়িতে সামান্য দাগ পড়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হয়েছে যে, সড়ক থেকে ছুড়ে দেওয়া বস্তুটিই বিস্ফোরিত হয়েছে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। বর্তমানে মোটরসাইকেলে আসা ওই দুই যুবককে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।






