যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বজুড়ে চলমান সব যুদ্ধ বন্ধের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন ইরাকের প্রেসিডেন্ট নিজার আমেদি। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ডোনাল্ড ট্রাম্প বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধের যে জোরালো অঙ্গীকার করেছিলেন, বর্তমান পরিস্থিতিতে তার সেই প্রতিশ্রুতির দিকে মনোযোগ দেওয়া জরুরি বলে মনে করেন ইরাকি প্রেসিডেন্ট। বিশেষ করে ইরানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ করে শান্তি স্থাপনের উদ্যোগ নেওয়ার জন্য ট্রাম্পকে তাগিদ দিয়েছেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম ব্রেইটবার্ট নিউজ নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে নিজার আমেদি এই আহ্বান জানান। তিনি ট্রাম্পকে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে আখ্যা দিয়ে বলেন, ইরানের সঙ্গে বৈরী সম্পর্ক নিরসন ও যুদ্ধ অবসানের মাধ্যমে তিনি কেবল মধ্যপ্রাচ্যেই নয়, বরং বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম।
ইরাকের প্রেসিডেন্ট আরও বলেন, তিনি প্রত্যাশা করেন ট্রাম্প তার প্রথম মেয়াদের প্রাথমিক অবস্থান ও লক্ষ্যের দিকে ফিরে যাবেন। আমেদি বলেন, ‘আমি চাই, ট্রাম্প যখন প্রথম নির্বাচিত হয়েছিলেন, তখনকার অবস্থানে ফিরে যান।
সে সময় ট্রাম্পের মূল লক্ষ্য ছিল বিশ্বের যেকোনো প্রান্তের সংঘাত নিরসন করা। ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধসহ বিশ্বের অন্যান্য জায়গায় যেসব অস্থিতিশীলতা বিরাজ করছে, তা বন্ধে ট্রাম্পকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন নিজার আমেদি। মূলত নির্বাচনী প্রচারণার সেই প্রতিশ্রুতিগুলো স্মরণ করিয়ে দিয়েই তিনি মার্কিন প্রেসিডেন্টকে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার অনুরোধ করেছেন।






