রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এই শুনানি চলছে।
এর আগে গত ১ নভেম্বর মামলাটির ফরমাল চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল। তবে ট্রাইব্যুনালে গ্রেফতার থাকা ১১ জন আসামির অন্যতম সাবেক আইজিপি একেএম শহীদুল হক অসুস্থতার কারণে হাজির হতে না পারায় ওই দিনের শুনানি পেছানো হয়। সেই প্রেক্ষিতে ট্রাইব্যুনাল আজকের তারিখ নির্ধারণ করেছিলেন। প্রসিকিউশন জানায়, গত ১ নভেম্বর এ মামলার ফরমাল চার্জ গঠনের ওপর শুনানির দিন ধার্য ছিল।
মামলায় গ্রেফতার থাকা অন্য আসামিদের মধ্যে রয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক মন্ত্রী ডা. আব্দুর রাজ্জাক, ডা. দীপু মনি ও আবদুল লতিফ সিদ্দিকী। এছাড়াও তালিকায় রয়েছেন মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রুপা।
শেখ হাসিনাসহ পলাতক আসামিদের মধ্যে তালিকায় আরও রয়েছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মাহবুবউল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মৃণাল কান্তি দাস, ওমর ফারুক চৌধুরী ও সালাউদ্দিন মাহমুদ। তালিকায় আরও রয়েছেন ডা. ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বেনজীর আহমেদ, মোখলেছুর রহমান, জেনারেল (অব.) আজিজ আহমেদ, লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান, শেখ মুহাম্মাদ মারুফ হাসান, মাহবুব হোসেন, মনিরুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, আশরাফুজ্জামান, এসএম মেহেদী হাসান, হারুন-অর-রশীদ, বিপ্লব কুমার সরকার, সৈয়দ নুরুল ইসলাম, মো. আসাদুজ্জামান, এসএম শিবলী নোমান এবং বিএম ফরমান আলী। তৎকালীন ডিএমপির এডিসি (মতিঝিল বিভাগ) মো. আসাদুজ্জামান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার এসএম শিবলী নোমান এবং তৎকালীন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ফরমান আলী।
এর আগে গত ৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল-২ শেখ হাসিনাসহ ৩০ জন আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছিলেন। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের দেওয়া ঠিকানায় আসামিদের খুঁজে না পাওয়ায় প্রসিকিউশনের কাছে নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) দাখিল করেন। পরবর্তী সময়ে ১৬ সেপ্টেম্বর আসামিরা আত্মসমর্পণ না করায়, তাদের পলাতক দেখিয়ে সরকারি খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল।






