বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ৪৮টি শূন্য পদের বিপরীতে নেওয়া লিখিত পরীক্ষার ফলাফল বাতিল ঘোষণা করা হয়েছে। গত ১৭ অক্টোবর জারি করা এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, অনিবার্য কারণবশত এই ফলাফল বাতিল করা হলো। এতে আবেদনকারী হাজার হাজার চাকরিপ্রার্থীর নিয়োগ প্রক্রিয়া নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এই নিয়োগ প্রক্রিয়ার সূচনা হয়েছিল ২০২৫ সালের ২১ ফেব্রুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে। এতে ফার্মাসিস্ট, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং সহকারী ভান্ডার রক্ষকের মতো ৪৮টি পদে প্রায় ১৭ হাজার চাকরিপ্রার্থী আবেদন করেন। নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে চলতি বছরের ১৫ মে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং যথাসময়ে সেই পরীক্ষার ফলও প্রকাশ করা হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বিনা মূল্যের অনলাইন কোর্স, যেভাবে আবেদন।
প্রকাশিত ফলাফল কেন বাতিল করা হলো, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে নিয়োগ পরীক্ষা কমিটির সদস্যসচিব ও বিআইডব্লিউটিসির চিফ পার্সোনেল ম্যানেজার ফজলে রাব্বি জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা পেয়েই তারা এই পরীক্ষার ফলাফল বাতিল করেছেন। অনিয়মসংক্রান্ত কোনো সুনির্দিষ্ট ঘটনার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বিস্তারিত মন্তব্যে রাজি হননি এবং পরবর্তী কাজের দিনে যোগাযোগের আহ্বান জানান। তবে কবে নাগাদ পরীক্ষা হতে পারে, সে বিষয়ে সুনির্দিষ্ট রূপরেখা দেওয়া হয়নি।
বিআইডব্লিউটিসির তরফ থেকে জানানো হয়েছে, বিজ্ঞপ্তির আওতায় থাকা প্রার্থীদের জন্য আবার নতুন করে লিখিত পরীক্ষা নেওয়া হবে। পুনর্পরীক্ষার সময়সূচী ও আনুষঙ্গিক বিবরণ যথাসময়ে করপোরেশনের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তবে পরীক্ষার সুনির্দিষ্ট দিনক্ষণ নিয়ে কিছু না জানানোয় প্রস্তুতিতে থাকা হাজারো তরুণ চরম অনিশ্চয়তা ও মানসিক চাপের মুখে পড়েছেন। যুব উন্নয়ন অধিদপ্তরের অনিয়মের রেশ কাটতে না কাটতেই এই ঘটনায় সরকারি চাকরির পরীক্ষা নিয়ে এক হযবরল পরিস্থিতি আবার সামনে এসেছে। যেসব দেশে সরকারি ছুটি সবচেয়ে বেশি, শীর্ষ দশে আছে বাংলাদেশও।






