অস্ট্রেলিয়ার মাটিতে লাল বলের ক্রিকেটে বাংলাদেশ দলের ঐতিহাসিক জয় বিশ্ব ক্রীড়াঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে। ডারউইনে স্বাগতিকদের ৯ উইকেটে হারানোর পর এবার ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু হিসেবে যাত্রা শুরু করতে যাওয়া ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় আগামী ২২শে আগস্ট দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টটি শুরু হবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তথ্য অনুযায়ী, আগামী শনিবারের উদ্বোধনী দিনের সাধারণ দর্শক ও করপোরেট হসপিটালিটি প্যাকেজের সব টিকিট ম্যাচ শুরুর চারদিন আগেই শেষ হয়েছে। একইসঙ্গে দ্বিতীয় দিনের টিকিটও প্রায় শেষের পথে।
ঐতিহাসিক এই সিরিজ নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, প্রথম দিনের ম্যাচ শুরুর আগেই টিকিটের এমন দুর্দান্ত চাহিদা তাদের রোমাঞ্চিত করেছে। ডারউইনে দীর্ঘ ২২ বছর পর টেস্ট আয়োজন এবং ম্যাকাইয়ে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ হওয়ায় সমর্থকদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এই আয়োজন নিয়ে কুইন্সল্যান্ডের পরিবেশ ও পর্যটনমন্ত্রী অ্যান্ডু্র পাওয়েল জানান, আঞ্চলিক কুইন্সল্যান্ডে বড় বড় ক্রীড়া ইভেন্ট আয়োজন স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি জাতীয় মঞ্চে তাদের সম্প্রদায়কে তুলে ধরার একটি দারুণ সুযোগ। ম্যাকাইয়ের মেয়র গ্রেগ উইলিয়ামসন জানিয়েছেন, সারা অস্ট্রেলিয়া থেকে ক্রিকেটপ্রেমীরা এই ম্যাচ উপভোগ করতে ম্যাকাইয়ে ভিড় করছেন।
স্থানীয় বাসিন্দাদের দ্রুত টিকিট নিশ্চিত করার আহ্বান জানিয়ে মেয়র বলেন, এমন সুযোগ তাদের অঞ্চলে সচরাচর আসে না। ভেন্যু গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার প্রধান নির্বাহী এড্রিয়ান ইয়াং মনে করেন, এই ম্যাচ সফলভাবে সম্পন্ন হলে ভবিষ্যতে আরও বড় ইভেন্ট আয়োজনের পথ সুগম হবে। তিনি আরও বলেন, ম্যাকাইয়ের প্রথম পুরুষ টেস্টের উদ্বোধনী দিনে সাধারণ টিকিটের পূর্ণতা প্রমাণ করে যে, স্থানীয়রা এই ঐতিহাসিক আয়োজনকে অত্যন্ত উষ্ণভাবে গ্রহণ করেছে।
উল্লেখ্য যে, ডারউইনের ধকল কাটিয়ে ম্যাকাই টেস্টে ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি এখন অস্ট্রেলিয়া দল। ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গিয়ে নাজমুল হোসেন শান্তর দলের দুর্দান্ত পারফরম্যান্স এবং এই ম্যাচ ঘিরে তৈরি হওয়া উন্মাদনা ক্রিকেট অস্ট্রেলিয়ার পুরো গ্রীষ্মকালীন সূচির জন্য এক দারুণ সূচনা এনে দিয়েছে।






