চাঁদপুরের মতলব ব্রিজে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অহিদুল ইসলাম (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মতলব ব্রিজের ওপর পিকআপভ্যান ও বিপরীত দিক থেকে আসা একটি অবৈধ ছয় চাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত অহিদুল মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ঘনিয়ারপাড় গ্রামের মাহবুবুর রহমান মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিকআপভ্যানটি মতলব দক্ষিণের দিকে যাওয়ার পথে ব্রিজে উঠলে অজ্ঞাত পরিচয়ের ওই ছয় চাকার গাড়িটি সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের আসনে থাকা অহিদুল মাথায় গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
পরে অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে মতলব উত্তর উপজেলার শ্রীরায়েরচর বাংলা বাজার এলাকায় পৌঁছালে অহিদুল মৃত্যুর কোলে ঢলে পড়েন। বিষয়টি নিশ্চিত করেছেন ছেংগারচর পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নূর নবী মোল্লা, যিনি আহত অহিদুলকে ঢাকা নেওয়ার দায়িত্বে ছিলেন।
দুর্ঘটনার পরপরই ঘাতক ছয় চাকার গাড়িটির চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এখন পর্যন্ত চালক বা গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি। এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ অজ্ঞাতনামা ঘাতক গাড়ি ও চালককে চিহ্নিত করার জন্য কাজ শুরু করেছে বলে জানা গেছে।






