দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট, কাগজের তৈরি পাইপ ও গ্যাসলাইটসহ চার মাদকসেবীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার নানিয়াটিকর গ্রামের গুপ্তিপাড়া এলাকায় প্রথম অভিযানটি পরিচালিত হয়। এই অভিযানে তিনজনকে আটক করা হয়। এরপর একই দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের একটি লিচু বাগান থেকে আরও একজনকে আটক করা হয়েছে।
থানা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ধৃতদের কাছ থেকে তিনটি টাপেন্টাডল ট্যাবলেট, মাদক সেবনে ব্যবহৃত তিনটি কাগজের পাইপ এবং পাঁচটি গ্যাসলাইট উদ্ধার করা হয়েছে। সংবাদ পাওয়ার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য রাখা ও সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতের রায়ে মাহবুব ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মান্না ইসলাম ও জীবন হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। আটককৃতদের মধ্যে মাহবুব ইসলাম (৪০) ও মান্না ইসলাম (২৬) নানিয়াটিকর গ্রামের বাসিন্দা। এছাড়া জীবন হোসেন (২৪) দিনাজপুর কোতোয়ালি থানার উত্তর দেবীপুর এলাকার বাসিন্দা। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।




