মাঠের পারফরম্যান্সে চরম ব্যর্থতার বৃত্তে আটকে থাকা জাতীয় নারী ক্রিকেট দলের ব্যর্থতার দায় প্রধান কোচ সারওয়ার ইমরানের ওপরই বর্তাল। এশিয়া কাপ ও এশিয়ান গেমসে দলের ভরাডুবির পর অভ্যন্তরীণ কোন্দল ও বিতর্কের মুখে বিসিবি নারী বিভাগ অবশেষে কঠোর অবস্থানে গেল। অস্ট্রেলিয়া সফরের ঠিক আগমুহূর্তে কোচ এবং দলের ম্যানেজারকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বোর্ড। এ নিয়ে বিতর্ক শেষ হতে না হতেই দলের প্রধান কোচ সারওয়ার ইমরানও বোমা ফাটান।
গতকাল মিরপুরে বিসিবি কার্যালয়ে ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। এশিয়ান গেমস থেকে ফেরার পর এটাই ছিল দলের সাথে বিসিবি কর্মকর্তাদের প্রথম আনুষ্ঠানিক আলোচনা। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল দলের বর্তমান পরিবেশ ও প্রধান কোচের ভূমিকা নিয়ে ক্রিকেটারদের মতামত নেওয়া। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চেয়ারম্যান বাবু বলেন, ‘এশিয়ান গেমস থেকে আসার পরে প্রথম আজকে তাদের সঙ্গে একটু বসলাম।
বৈঠক শেষে রফিকুল ইসলাম বাবু সংবাদমাধ্যমকে জানান, সারওয়ার ইমরানের আচরণ ও কার্যপদ্ধতি দলের মেয়েদের মানসিকভাবে বিপর্যস্ত করেছিল। তিনি বলেন, ক্রিকেট একটি মার্জিত ও রাজকীয় খেলা। কিন্তু দলের হেড কোচ হিসেবে সারওয়ার ইমরানের উগ্র মেজাজ এবং ব্যবহারের কারণে খেলোয়াড়রা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। চুক্তি থাকা অবস্থায় গণমাধ্যমে বিতর্কিত মন্তব্য করায় কোচের সমালোচনা করে বাবু জানান, কোচ আচরণবিধি লঙ্ঘন করেছেন। তার বেফাঁস কথাগুলো বোর্ডের নিয়মের পরিপন্থী ছিল। তিনি সংবাদমাধ্যমকে বলেন, কোচ ও অধিনায়ককে সাইজ করলে দলের পারফরম্যান্স ভালো হবে না। তাদের আসলে কোনো সমস্যা আছে কি না, কী করলে আরও ভালো করবে—সবকিছু নিয়ে আমরা আলোচনা করেছি। এখানে যারা কোচ হন বা টিম ম্যানেজমেন্টে থাকেন, কারও কাছ থেকেই আমরা অসদাচরণ আশা করি না। সবসময় ব্যবহারের ক্ষেত্রে ঠিক করেননি।
এদিকে টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেওয়া নিগার সুলতানা জ্যোতি ওয়ানডে দলে থাকছেন কি না, তা নিয়ে দীর্ঘদিনের গুঞ্জন ছিল। তবে রফিকুল ইসলাম বাবু স্পষ্ট করেছেন, আসন্ন অস্ট্রেলিয়া সফরে জাতীয় দলের অধিনায়ক হিসেবে জ্যোতিই থাকছেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৩ অক্টোবর বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া যাওয়ার কথা রয়েছে। সফর সামনে রেখে খেলোয়াড়দের কথা জানিয়ে বাবু বলেন, ‘আগামী ৩ তারিখে বাংলাদেশ অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে, তিনটি ওয়ানডে খেলতে। ধারণা করা হচ্ছিল টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেয়া অধিনায়ক জ্যোতিও অধিনায়ক থাকছেন না অস্ট্রেলিয়াতে ওয়ানডে সিরিজে।
ক্রিকেটারদের মানসিক স্বস্তি ফেরাতে ও অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি নিয়ে কর্মকর্তাদের সাথে আলোচনা হয়েছে বলে জানান বাবু। তিনি আরও বলেন, ক্রিকেটারদের দেওয়া মতামতের ভিত্তিতেই কোচ ও ম্যানেজারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বকাপের মতো বড় আসরের আগে বিশ্বের অন্যতম শক্তিশালী দল অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সফরকে দলটির ঘুরে দাঁড়ানোর সুযোগ হিসেবে দেখছে বিসিবি। দলের মনোবল বৃদ্ধিতে ক্রিকেটারদের উৎসাহমূলক বার্তা দেওয়া হয়েছে বলেও জানান চেয়ারম্যান।






