মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার গৌরীশংকর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
মারা যাওয়া দুই শিশু হলো গৌরীশংকর গ্রামের প্রয়াত আবু মিয়ার আট বছর বয়সী ছেলে আলী জিবান এবং লোকমান মিয়ার নয় বছর বয়সী মেয়ে রাহমা। তারা দুজনই স্থানীয় গৌরীশংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল; জিবান পড়ত দ্বিতীয় শ্রেণিতে আর রাহমা তৃতীয় শ্রেণিতে। স্বজনদের সূত্রে জানা যায়, সোমবার তারা কেউই বিদ্যালয়ে যায়নি। দুপুরের দিকে পরিবারের সদস্যদের অজান্তে খেলাধুলা করার সময় বাড়ির সামনের পুকুরে পড়ে তারা তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের নিথর দেহ ভেসে উঠলে দ্রুত উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। শিশুদের চাচা মিজান মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। ওই শিশুরা হলো- গৌরীশংকর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে আলী জিবান (৮) ও লোকমান মিয়ার মেয়ে রাহমা (৯) তারা সম্পর্কে চাচাতো ভাই বোন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. জহিরুল ইসলাম মুন্না জানান, ঘটনার পর শিশু দুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। পরে পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন করায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।





