যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়টি জাতীয় স্বার্থ ও দ্বিপক্ষীয় সম্পর্কের খাতিরেই করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। রবিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার বা দলের পরিচয় ব্যবহার করে কোনো ধরনের অপকর্ম সহ্য করা হবে না। এ ধরনের অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং আইন নিজস্ব গতিতে চলবে। তিনি বলেন, “সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে তাকে ছাড় দেওয়া হবে না। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মাহদী আমিন।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে অত্যন্ত সফল ও তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেছেন মাহদী আমিন। তার ভাষ্যমতে, বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী বাংলাদেশের অবস্থান দৃঢ়ভাবে উপস্থাপন করেছেন এবং আন্তর্জাতিক নেতাদের কাছে তিনি সাদরে গৃহীত হয়েছেন। প্রধানমন্ত্রীর এই পাঁচ দিনের সফরে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সম্ভাবনা ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এছাড়া তার ঐতিহাসিক ভাষণে দেশের সকল শ্রেণি-পেশার মানুষের জন্য রূপরেখা তুলে ধরা হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী নেতাকর্মীদের অতিরিক্ত ভিড় বা আনুষ্ঠানিকতায় স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তার এই দৃষ্টিভঙ্গি রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়। এর আগে রবিবার সকালে জাতিসংঘের অধিবেশন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফেরেন। তার সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা ছিলেন। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতীয় সংসদের স্পিকার, চিফ হুইপ এবং স্থানীয় সরকারমন্ত্রীসহ সরকারের উচ্চপদস্থ প্রতিনিধিদল।




