মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সাথে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। জেদ্দায় আয়োজিত এই বৈঠকে দুই দেশের মধ্যকার কৌশলগত সম্পর্ক ও দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) সূত্রে জানা গেছে, এই আলোচনায় সৌদি আরবের পক্ষে দেশটির প্রতিমন্ত্রী, ক্যাবিনেট সদস্য এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. মুসাইদ বিন মোহাম্মদ আল-আইবানসহ ঊর্ধ্বতন সামরিক ও কূটনৈতিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অ্যাডমিরাল ব্র্যাড কুপার। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে উভয় পক্ষই নিবিড় যোগাযোগ রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
বর্তমান ভূ-রাজনৈতিক অস্থিরতার সময়ে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যে নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান প্রতিরক্ষা ও কৌশলগত অংশীদারিত্ব এই আলোচনার মাধ্যমে আরও সুসংহত হলো বলে মনে করা হচ্ছে।






