ফরিদপুরের সদরপুর উপজেলায় মাদক সেবনের দায়ে চার ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পলাশ উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ দণ্ডাদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন পশ্চিম শ্যামপুর গ্রামের জহুরুল হক ফকির (৬০), করিম মিয়া (৪৬), ফিরোজ খলিফা (৪৮) এবং সাড়েসাতরশি গ্রামের ইমরান সর্দার (২৯)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে চালানো মাদকবিরোধী অভিযানের সময় ওই চারজনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ২৫০ টাকা জরিমানার আদেশ দেন। অভিযানের সময় জব্দ করা গাঁজা ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।
সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন বলেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। তিনি আরও জানান, মাদক সেবন ও কেনাবেচায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।






