পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ আসাদুজ্জামান জিকো নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্থানীয় থানা পুলিশ। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মনিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তার আসাদুজ্জামান জিকো বড়বাইশদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক এবং ওই গ্রামের বাসিন্দা দলিল উদ্দিনের ছেলে।
পুলিশের তথ্য অনুযায়ী, জিকো দীর্ঘদিন ধরে মনিপাড়া এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক সংগ্রহ ও সরবরাহের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে এবং এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রাঙ্গাবালী থানার ওসি মো. জসিম উদ্দিন।
এদিকে, দলের নেতার গ্রেপ্তারের বিষয়ে বড়বাইশদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মিরাজ হাওলাদার বলেন, জিকোর মাদক কারবারে জড়িত থাকার বিষয়টি তাদের জানা ছিল না। গ্রেপ্তারের পর বিষয়টি জানতে পেরেছেন উল্লেখ করে তিনি জানান, ঘটনার সত্যতা যাচাই করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।






