খুলনা মহানগরীর দৌলতপুর এলাকায় শনিবার সকাল সাড়ে আটটার দিকে জলিল মুন্সি নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত জলিল কুলিবাগান এলাকার দিল মুন্সির ছেলে এবং তিনি স্থানীয় ইস্পাহানী জুট প্রেসে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে কুলিবাগান মোড়ে অবস্থান করছিলেন জলিল। এ সময় একটি মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তি তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশের টহল দল দুর্বৃত্তদের ধাওয়া করলেও তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পুলিশ অপরাধীদের শনাক্ত করতে কাজ করছে।






