প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের বিষয়ে এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম। রবিবার (১৬ আগস্ট) এক ব্রিফিংয়ে তিনি জানান, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা চলমান থাকলেও প্রধানমন্ত্রীর সফরের তারিখ এখনো চূড়ান্ত করা সম্ভব হয়নি।
মুখপাত্র আরও জানান, দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক আসামিদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডে অভিযুক্তদের হস্তান্তরের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের উত্তরের অপেক্ষায় রয়েছে ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের ভাষ্যমতে, সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অটল বাংলাদেশ। পারস্পরিক স্বার্থের ভিত্তিতে প্রতিবেশীসহ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ অব্যাহত রাখবে।






