পাবনার চাটমোহরে তুচ্ছ ঘটনার জেরে মারধরের শিকার আব্দুল বারেক ওরফে বাকি নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত আব্দুল বারেক চাটমোহরের সজনাই গ্রামের সোবাহান আলীর ছেলে।
ঘটনার সূত্রপাত গত ২৯ আগস্ট শনিবার সকালে। স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল বারেক তার পালিত ছাগলকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করাতে নিয়ে যান। এ সময় প্রতিবেশী জাহের মোল্লার ছেলে রবিউল ইসলাম রবি তাকে বাধা দিলে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে রবিউল বাঁশ দিয়ে বাকির মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।
এদিকে আব্দুল বারেকের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে দুপক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিউর রহমান জানিয়েছেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।






