যুক্তরাষ্ট্রে পরিবারভিত্তিক অভিবাসন বা ফ্যামিলি-বেইজড গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশি আবেদনকারীদের জন্য আগস্ট ২০২৬-এর ভিসা বুলেটিনে বড় ধরনের সুখবর এসেছে। বিশেষ করে এফ-২এ ক্যাটাগরিতে ভিসা পাওয়ার সুযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই ক্যাটাগরির আওতায় মূলত যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা বা গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী এবং ২১ বছরের কম বয়সি অবিবাহিত সন্তানরা অভিবাসনের আবেদন করে থাকেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের সর্বশেষ প্রকাশিত আগস্ট ২০২৬-এর ভিসা বুলেটিন অনুযায়ী, এফ-২এ ক্যাটাগরির ‘ফাইনাল অ্যাকশন ডেট’ বা চূড়ান্ত তারিখ ১ জানুয়ারি ২০২৫ থেকে পিছিয়ে ২২ জুলাই ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, কাট-অফ তারিখে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের ফলে যেসব বাংলাদেশি আবেদনকারীর অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট ২২ জুলাই ২০২৬-এর আগে, তাদের জন্য অভিবাসন ভিসা ইস্যু এবং সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার সুযোগ তৈরি হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়ম অনুযায়ী, ভিসা বুলেটিনের এই ‘ফাইনাল অ্যাকশন ডেট’ নির্ধারণ করে দেয় যে, কোন অগ্রাধিকার তারিখের আবেদনকারীদের ভিসা ইস্যু করা সম্ভব হবে। এছাড়া জাতীয় ভিসা কেন্দ্রের তথ্যমতে, সংখ্যাগতভাবে সীমিত এই পরিবারভিত্তিক ভিসা ক্যাটাগরিতে সাক্ষাৎকারের জন্য আবেদনকারীর অগ্রাধিকার তারিখ কার্যকর অবস্থায় থাকা বাধ্যতামূলক। দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকা বাংলাদেশি পরিবারগুলোর জন্য আগস্টের এই অগ্রগতি অভিবাসন প্রক্রিয়া ত্বরান্বিত হওয়ার একটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।






