
আগামী ২৬ জানুয়ারি ২০২৭, মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সমাবর্তন ঘিরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সমাবর্তনের সার্বিক ব্যবস্থাপনা ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানটি সফল করার লক্ষ্যে একটি নির্বাহী কমিটি, ব্যবস্থাপনা কমিটিসহ বিভিন্ন উপকমিটিও গঠন করা হয়েছে।
সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের (এসপিএফ) প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামি। তাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানসূচক 'ডক্টর অব লজ' ডিগ্রি প্রদান করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একটি ট্রাস্ট ফান্ডের অন্যতম দাতা অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশিদকে সম্মানসূচক 'ডক্টর অব সায়েন্স' ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একাডেমিক কাউন্সিলের সুপারিশ ও সিন্ডিকেটের সভায় এই সম্মাননা প্রদানের বিষয়টি চূড়ান্ত করা হয়।
সিনেট ভবন মিলনায়তনের এই প্রস্তুতি সভায় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সিনেট সদস্য ও সংসদ সদস্য মো. আমানউল্লাহ আমানসহ খায়রুল কবির খোকন এবং এ কে এম ফজলুল হক মিলন উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগের চেয়ারম্যান এবং ইনস্টিটিউটের পরিচালকরা সভায় অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে, ২০২২ সালের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশিত বিভিন্ন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ডিগ্রি অর্জনকারী গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্ত শিক্ষার্থীরা এই সমাবর্তনে অংশ নিতে পারবেন। সমাবর্তনে অংশগ্রহণের জন্য আগামী ১ নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে, যা ৩০ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে। নির্দিষ্ট সময়ের মধ্যেই আগ্রহী শিক্ষার্থীদের আবেদনের নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০