লিবিয়ার বেনজাগি শহরে লিবিয়ান ন্যাশনাল আর্মির উপ-প্রধান লেফটেন্যান্ট জেনারেল সাদ্দাম খলিফা হাফতারের সঙ্গে বৈঠক করেছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আবদুল আজিজ বিন সালেহ আল-খুলাইফি। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই আলোচনায় আঞ্চলিক পরিস্থিতির পাশাপাশি দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পেয়েছে।
বৈঠকে লিবিয়ার সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং দীর্ঘস্থায়ী শান্তি বজায় রাখার বিষয়ে কাতারের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন ড. আল-খুলাইফি। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, লিবিয়ার জনগণের প্রত্যাশা পূরণের একমাত্র পথ হলো শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধান।
শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে আলোচনার ধারাবাহিকতা রক্ষা এবং জাতীয় ঐকমত্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন কাতারের এই প্রতিমন্ত্রী। তিনি জানান, লিবিয়ায় একটি সামগ্রিক ও টেকসই রাজনৈতিক সমঝোতা অর্জনে আন্তর্জাতিক প্রচেষ্টাকে সফল করতে কাতার দেশটির সব পক্ষের সঙ্গে যোগাযোগ ও আলোচনা অব্যাহত রাখবে।






