
মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানবিক কারণে বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন, এই দীর্ঘস্থায়ী সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ নিতে হবে।
মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে জাতিসংঘের শরণার্থী-বিষয়ক হাইকমিশনার বারহাম সালেহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর সরকারি প্রেস সচিব একেএম নাজমুল হক বাসসকে এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন।
আলোচনাকালে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বসহকারে পর্যালোচনা করা হয়। বিশেষ করে মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতে বৈশ্বিক ভূমিকা নিয়ে আলোকপাত করা হয়। পাশাপাশি প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর জোর দেওয়া হয়।
বৈঠকে বারহাম সালেহ রোহিঙ্গাদের আশ্রয় প্রদানে বাংলাদেশের মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে, সংকটের টেকসই সমাধান না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কর্মসূচি অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সমর্থন ও কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ পুনর্ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০