জাতীয় ক্রিকেট লিগে অংশগ্রহণের জন্য ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে কাভার্ড ভ্যানে থাকা রাজশাহী বিভাগের ক্রিকেটারদের ৮টি লাগেজ চুরি হওয়ার ঘটনা ঘটেছে। সাধারণত ক্রিকেটাররা বিমানে যাতায়াত করলেও তাঁদের কিটব্যাগসহ প্রয়োজনীয় সরঞ্জামগুলো কাভার্ড ভ্যানে আলাদাভাবে পাঠানো হয়। গত মঙ্গলবার পরের রাউন্ডের ম্যাচ খেলতে রাজশাহীতে পৌঁছানোর পর দলের কর্মকর্তারা কিটব্যাগ গ্রহণ করতে গিয়ে ৮টি লাগেজ খুঁজে পাননি।
চুরি হওয়া ব্যাগগুলোর মালিকদের মধ্যে রয়েছেন স্পিনিং অলরাউন্ডার এসএম মেহেরব হাসান, পেসার মোহর শেখ অন্তর, পেসার আলি মোহাম্মদ ওয়ালিদ এবং টিম বয় আব্দুল কাদের। ঘটনার পরপরই মেহেরব রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, তার ব্যাগে জামাকাপড়ের পাশাপাশি পাসপোর্ট, আইফোন, নগদ তিন লাখ টাকা, ৩০০ ডলার এবং কিছু ইলেকট্রনিক্স সামগ্রী ছিল। এছাড়া মোহরের ব্যাগে মূল্যবান ইলেকট্রনিক্স সরঞ্জাম এবং আব্দুল কাদেরের ব্যাগে খেলার প্রয়োজনীয় জিনিসপত্র ও স্পাইক ছিল।
পরবর্তীতে রাজশাহী ও নাটোর জেলা পুলিশের সম্মিলিত তৎপরতা এবং বিসিবির নিরাপত্তা বিভাগের সহযোগিতায় খোয়া যাওয়া বেশিরভাগ মালামাল উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারকৃত সামগ্রীগুলো পুলিশের পক্ষ থেকে ক্রিকেটারদের কাছে হস্তান্তর করা হয়েছে।






