
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ যুব ফ্রন্ট। সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়েও নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মতো অনিয়ম ও অব্যবস্থাপনা প্রমাণ করে যে, পুরনো দুর্নীতি ও অনিয়মের সংস্কৃতি থেকে দেশ এখনো বেরিয়ে আসতে পারেনি।
পরীক্ষা কেন্দ্রগুলোতে অব্যবস্থাপনার কারণে চাকরিপ্রার্থীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন। পরীক্ষা শুরুর মাত্র দুই মিনিটের মাথায় হঠাৎ ওএমআর শিট ফিরিয়ে নিয়ে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়। এই অদক্ষতা ও দায়িত্বহীনতায় রাজধানীমুখী হাজারো বেকার চাকরিপ্রার্থী শারীরিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। দায়িত্বরতদের এই গাফিলতির ভার চাকরিপ্রার্থীদের ওপর চাপিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ যুব ফ্রন্ট এই সংকট নিরসনে তিনটি সুনির্দিষ্ট দাবি জানিয়েছে। প্রথমত, প্রশ্নফাঁসের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ বিচার নিশ্চিত করা। দ্বিতীয়ত, পরীক্ষায় অংশ নিতে এসে যেসকল পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা। তৃতীয়ত, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত চাকরিপ্রার্থীদের দুর্ভোগ ও হয়রানি কমাতে ভবিষ্যতে নিয়োগ পরীক্ষার কেন্দ্র বিভাগীয় ও জেলা শহরগুলোতে সম্প্রসারণ করা।
সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, বেকার তরুণদের অনিশ্চয়তার এই পরিস্থিতির অবসানে কর্তৃপক্ষকে অনতিবিলম্বে কার্যকর ও দ্রুত পদক্ষেপ নিতে হবে। দ্রুত সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে তরুণ প্রজন্মের মধ্যে বিদ্যমান ক্ষোভ আরও বাড়বে বলে তারা সতর্ক করেছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০