অভিনয়ের পরিচিত মুখ রাফিয়াত রশিদ মিথিলা তার কর্মজীবনে এক নতুন মাইলফলকে পা রেখেছেন। দীর্ঘ দুই দশকের অভিজ্ঞতা, বিশেষ করে ব্র্যাক ইন্টারন্যাশনালের হয়ে আন্তর্জাতিক উন্নয়ন খাতে ১৫ বছরের দীর্ঘ ক্যারিয়ার গড়ার পর এবার তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন পেশাগত যাত্রা শুরু করেছেন। এই পরিবর্তনের তথ্য জানিয়ে মিথিলা নিজের সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত তুলে ধরেছেন।
মিথিলা জানিয়েছেন, তিনি নিউ ইয়র্কের মর্যাদাপূর্ণ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ ‘অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট’ বা ‘সহযোগী গবেষণা বিজ্ঞানী’ হিসেবে যোগ দিয়েছেন। তার এই নতুন দায়িত্বের প্রধান কাজ হলো নিউ ইয়র্কের ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের ডিজাইন এবং মূল্যায়নে নেতৃত্ব দেওয়া। এই প্রকল্পটি মূলত প্রারম্ভিক শৈশব বিকাশ, পারিবারিক সম্পৃক্ততা এবং কমিউনিটি স্বাস্থ্য নিয়ে কাজ করে। জন্ম থেকে পাঁচ বছর বয়সী শিশুদের পরিবারগুলোকে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও পরিবেশের সাথে যুক্ত করা এবং স্থানীয় চাহিদার সাথে গবেষণার মেলবন্ধন ঘটানোই এর মূল লক্ষ্য। মিথিলা তার দীর্ঘদিনের বৈশ্বিক কর্ম-অভিজ্ঞতাকে এই গবেষণায় কাজে লাগাতে পারবেন বলে আশা করছেন।
গবেষণার পাশাপাশি মিথিলা উচ্চশিক্ষার আঙিনাতেও নিজের দক্ষতা ছড়িয়ে দিচ্ছেন। তিনি সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কে ‘অ্যাডজাংন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ হিসেবে শিক্ষকতা শুরু করেছেন। সেখানে তিনি ‘ননপ্রফিট ম্যানেজমেন্ট’ বিষয়ের ওপর পাঠদান করছেন। এই কোর্সের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের বাস্তব জগতের ননপ্রফিট সংস্থাগুলোর কাজের ধরন এবং এর বিভিন্ন খুঁটিনাটি ধারণার সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন।
নিজের এই নতুন যাত্রার জন্য ব্র্যাকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মিথিলা। তিনি বলেন, কলাম্বিয়া ইউনিভার্সিটির মতো বিশ্বের অন্যতম সেরা রিসার্চ অবকাঠামো ও মেধাবী গবেষকদের সাথে কাজ করতে পারা তার কর্ম-অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। এই নতুন পথচলার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০