দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের লাইব্রেরিতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে লেখা তিনটি বই কিনে সংগ্রহ ও সংরক্ষণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গত ২৭ সেপ্টেম্বর স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব খন্দকার রবিউল ইসলামের স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়।
মন্ত্রণালয়ের নির্দেশনায় যে তিনটি বই কেনার কথা বলা হয়েছে সেগুলো হলো—‘প্রেসিডেন্ট জিয়া রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের প্রধানদের জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা থেকে এসব বইয়ের এক সেট করে সংগ্রহ ও সংরক্ষণ করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।
এই নির্দেশনার পেছনের সূত্র হিসেবে ঢাকার বাংলাবাজারের ইসলামী টাওয়ারে অবস্থিত জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থার গত ২৩ আগস্টের একটি চিঠির কথা উল্লেখ করা হয়েছে। তবে চিঠিতে বইগুলো কেনার তাগিদ দেওয়া হলেও এর প্রয়োজনীয় বাজেট, অর্থ বরাদ্দ কিংবা ক্রয়প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। চিঠির সূত্র হিসেবে জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা, ১১/১ বাংলাবাজার, ইসলামী টাওয়ার, ঢাকার ২৩ আগস্ট তারিখের একটি পত্রের উল্লেখ রয়েছে।
উক্ত নির্দেশনাটি কার্যকর করার লক্ষ্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ওষুধ প্রশাসন অধিদপ্তর, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। একই সঙ্গে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট), স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং নিমিউ অ্যান্ড টিসিকেও বাস্তবায়নের অনুলিপি পাঠানো হয়েছে।






