মুম্বাইয়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদ কর্মসূচি পালন করেছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এই কর্মসূচিতে যোগ দিয়ে পুলিশের হাতে আটক হয়েছিলেন বলিউড অভিনেতা ইমরান খান। তাকেসহ প্রায় চার শতাধিক বিক্ষোভকারীকে গতকাল সন্ধ্যায় আজাদ ময়দানের কাছাকাছি এলাকা থেকে আটক করে পুলিশ। আটকের ঘণ্টাখানেক পর তাদের ছেড়ে দেওয়া হলেও, ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার অভিনেতাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় মুম্বাইয়ের আজাদ ময়দানের কাছে পুলিশের অভিযানে প্রায় ৪০০ প্রতিবাদকারী আটক হন।
দক্ষিণ মুম্বাইয়ের গামদেবী থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। এই মামলায় ইমরান খানের পাশাপাশি তার ভাগ্নি জায়ান মেরি খান এবং প্রেমিকা লেখা ওয়াশিংটনকেও আসামি করা হয়েছে। মুম্বাই পুলিশের তথ্য অনুযায়ী, ভারতীয় দণ্ডবিধির ২২৩ (আদেশ অমান্য করা), ১২৬(২) (অন্যায়ভাবে বাধা দেওয়া), ১৮৯(২) (বেআইনি সমাবেশ), ১৮৯(৩) এবং ১৮৯(৫) ধারায় এই মামলাটি রেকর্ড করা হয়েছে।
উল্লেখ্য, সিজেপি তাদের এই প্রতিবাদ কর্মসূচি থেকে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত সংশোধন প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়েছিল। মূলত ওই বিক্ষোভ চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগেই পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে আইনি প্রক্রিয়া শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০