রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে পরিচালিত উচ্ছেদ অভিযান কোনোভাবেই থামবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মিরপুর-১০ এলাকায় চলমান এই অভিযান পরিদর্শনে গিয়ে তিনি কঠোর বার্তা দিয়ে জানান, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত উদ্ধারে সিটি করপোরেশনের ‘ডাইরেক্ট অ্যাকশন’ বা সরাসরি পদক্ষেপ অব্যাহত থাকবে।
অভিযান চলাকালীন দখলদারদের একাংশ এবং তাদের ইন্ধনে সিটি করপোরেশনের পরিবহন, পুলিশ সদস্য ও দায়িত্বরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এ প্রসঙ্গে ডিএনসিসি প্রশাসক বলেন, উচ্ছেদ কার্যক্রমে বাধা দিতে বৈদ্যুতিক শর্টসার্কিট ব্যবহার করে পরিকল্পিতভাবে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। হামলাকারীরা সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়ি, ভেকু মেশিন ও পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এমনকি মসজিদে আগুন দেওয়ার মতো ন্যক্কারজনক ঘটনাও ঘটানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে স্থানীয় সাধারণ বাসিন্দাদের প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যেতে বাধ্য হয়।
প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, মিরপুরের সাধারণ মানুষ ফুটপাত দখলমুক্ত দেখতে চায় এবং তাদের চাহিদা মেনেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এটি সিটি করপোরেশনের নৈতিক দায়িত্ব। নিজের মিরপুরের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, “আমি মিরপুরের সন্তান এবং এলাকার পরিস্থিতি সম্পর্কে অবগত।” ভবিষ্যতে কারো ইন্ধনে পুনরায় ফুটপাত দখলের চেষ্টা করা হলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। জনগণের চাহিদা অনুযায়ী ফুটপাত উদ্ধারের কাজ করা হচ্ছে।
হামলা ও ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ডিএনসিসি প্রশাসক। তিনি জানিয়েছেন, এ ঘটনায় পুলিশের পাশাপাশি সিটি করপোরেশনের পক্ষ থেকেও মামলা দায়ের করা হবে। এছাড়া অভিযানের সময় সাংবাদিকদের ওপর হামলার বিষয়টিকে গুরুত্বসহকারে দেখে এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতার প্রশংসা করে তিনি পুনরায় দৃঢ় কণ্ঠে জানান, ফুটপাত দখলমুক্ত রাখার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না এবং কঠোর অভিযান চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০