
মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কের তাঁতিবাড়ি এলাকায় শুক্রবার ভোরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সেলিম হাওলাদার নামে এক আবাসিক হোটেল ব্যবসায়ীর প্রাণহানি ঘটেছে। তিনি সদর উপজেলার বাগেরপাড় এলাকার প্রয়াত নাজিম উদ্দীন হাওলাদারের ছেলে এবং শহরের হোটেল মেট্রোর মালিক ছিলেন। ঘটনার সময় তিনি নিজ প্রাইভেটকার চালিয়ে ভূরঘাটা থেকে মাদারীপুর শহরে ফিরছিলেন।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের ভাষ্যমতে, তাঁতিবাড়ি এলাকায় পৌঁছানোর পর প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশের একটি রেকারের পেছনে সজোরে আঘাত করে। এর আগে ওই স্থানে একটি দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধারের কাজ করছিল পুলিশ। সংঘর্ষের ফলে সেলিম হাওলাদার গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে আইনি প্রক্রিয়া ও সুরতহাল প্রতিবেদন তৈরির পর নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয় এবং স্বজনরা তা গ্রহণ করেছেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০