বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন সংলগ্ন ভোলা নদীতে মাছ ধরার সময় এক জেলের জালে বিশাল আকৃতির একটি কোরাল মাছ ধরা পড়েছে। সোমবার সকালে এই মাছটি জালে আটকা পড়ে। শরণখোলা গ্রামের বাসিন্দা জেলে জহুরুল হাওলাদার বন বিভাগের বৈধ অনুমতিপত্র নিয়ে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। জাল ফেলার কিছুক্ষণ পর তিনি জালে অস্বাভাবিক টান অনুভব করলে কৌশলে তা টেনে নৌকায় তোলেন। মেপে দেখা যায়, বিশাল আকারের এই মাছটির ওজন ঠিক ২০ কেজি।
বড় আকৃতির এই মাছটি নিয়ে জহুরুল দ্রুত শরণখোলা বাজারে ফিরে আসেন। সকাল ১০টার দিকে স্থানীয় মৎস্য আড়তদার শাহাদাত মুন্সী ৩৬ হাজার টাকায় মাছটি কিনে নেন। সেই হিসাবে প্রতি কেজি মাছের দাম পড়েছে ১ হাজার ৮০০ টাকা। ক্রেতা শাহাদাত মুন্সী জানিয়েছেন, গত এক মাসে সুন্দরবন এলাকা থেকে বাজারে আসা মাছগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড় কোরাল। বাজারে বড় কোরালের ব্যাপক চাহিদা থাকায় তিনি লাভজনক দামে মাছটি বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। মাছটি স্থানীয় শরণখোলা বাজারে নিয়ে আসা হলে ৩৬ হাজার টাকায় বিক্রি হয়। ক্রেতাদের কাছে বড় কোরালের কদর বেশি থাকায় ভালো দামে কিনে নিয়েছি।
স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের ভাষ্যমতে, সুন্দরবনে টানা তিন মাসের মৎস্য আহরণ নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর গত এক মাসে জেলেদের জালে ধরা পড়া মাছগুলোর মধ্যে এটিই এ যাবতকালের সবচেয়ে বড় কোরাল মাছ। বড় আকারের মাছ হওয়ায় জেলে জহুরুল হাওলাদারও বেশ ভালো দাম পেয়েছেন।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টানা তিন মাসের সরকারি নিষেধাজ্ঞার কারণে বনাঞ্চলের জলাশয়ে মাছগুলো নির্বিঘ্নে বৃদ্ধি পাওয়ার সুযোগ পেয়েছে। যার ফলে বর্তমানে জেলেদের জাল ও বড়শিতে বড় বড় মাছ ধরা পড়ছে এবং স্থানীয় জেলেরা বাজারে ভালো দাম পাওয়ায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন।






