
বরিশাল নগরীর কাশিপুরে নবনির্মিত বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার দুপুরে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সরকার তথ্য ভবনের মানকে বৈশ্বিক পর্যায়ে উন্নীত করতে চায়। এক্ষেত্রে কেবল অবকাঠামোগত কাঠামোর ওপর গুরুত্ব না দিয়ে এর ব্যবহারিক উপযোগিতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
প্রযুক্তির প্রকৃত সক্ষমতা কোনো দামী ভবন বা মুঠোফোনের ওপর নির্ভর করে না উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এর আসল সার্থকতা নিহিত থাকে ব্যবহারিক মূল্যের ওপর। তিনি জানান, এই কমপ্লেক্সে একটি ডিজিটাল লাইব্রেরি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যা জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া আধুনিক স্ক্রিনের সুবিধাযুক্ত এই কমপ্লেক্সের কার্যক্রম পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
সিনেমা হলের বর্তমান সংকট নিয়ে মন্ত্রী বলেন, এক সময় দেশে প্রায় ১ হাজার ১০০টি সিনেমা হল থাকলেও বর্তমানে টিকে আছে মাত্র ১৪০টি। বর্তমানের নির্মিত চলচ্চিত্রগুলো অনেক ক্ষেত্রেই সিঙ্গেল স্ক্রিনের জন্য উপযুক্ত নয়, তাই আধুনিক স্ক্রিনের সুবিধা নিশ্চিত করা জরুরি। তিনি আরও বলেন, সরকারের যেকোনো মেগা প্রকল্পের সার্থকতা কেবল ভবন বা সড়ক নির্মাণে নয়, বরং জনগণ কতটা উপকৃত হচ্ছে তার ওপরই প্রকৃত সাফল্য নির্ধারিত হয়।
উল্লেখ্য, ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত সাত তলাবিশিষ্ট এই আধুনিক তথ্য কমপ্লেক্সটির নির্মাণকাজ ২০২৩ সালে শেষ হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ের প্রায় তিন বছর পর রবিবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হলো। উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৭ কোটি টাকা ব্যয়ে ৭ তলাবিশিষ্ট এই বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সটির নির্মাণকাজ ২০২৩ সালে শেষ হওয়ার কথা ছিল।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০