
ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহত সবাই বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস। মর্মান্তিক এই ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে একটি শিশুও রয়েছে। বুধবার (১৯ আগস্ট) ভোররাত ২টার দিকে কলকাতার নিউমার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় হোটেলের ভেতরে বেশ কয়েকজন অতিথি আটকা পড়েন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, নিহত ৯ বাংলাদেশি চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বড় ধরনের উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা দলও অংশ নেয়। পুলিশের এক কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে জানান, প্রচণ্ড ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিস কর্মীদের সিঁড়ি বেয়ে ভবনের উপরের তলাগুলোতে উঠতে বেশ বেগ পেতে হয়েছে। অনেক চেষ্টার পর ফায়ার সার্ভিস কর্মীরা আটকে পড়া অতিথিদের বের করে আনতে সক্ষম হন এবং আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, “আমাদের প্রধান অগ্রাধিকার ছিল আটকে পড়াদের উদ্ধার করা এবং আগুন লাগার কারণ খুঁজে বের করা।” বর্তমানে আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয়েছে এবং ভবনটি ঠান্ডা করার কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের একটি এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে, তবে তদন্তের আগে সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, এর মাত্র দুদিন আগে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে ‘হোটেল বিদেশীনি’ নামে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জন নিহত ও বেশ কয়েকজন আহত হন। গত ১৭ আগস্ট ভোরে পাঁচতলা হোটেলটির নিচতলায় আগুন লাগলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে মেঘালয়ের একই পরিবারের পাঁচ সদস্য ছিলেন, যার মধ্যে দুটি শিশুও রয়েছে। পরপর দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০