
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৬ শিক্ষার্থীকে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য মনোনীত করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে। মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনায় আরও উৎসাহ প্রদানের লক্ষ্যে ইউজিসি এই মর্যাদাপূর্ণ পুরস্কার দিয়ে থাকে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে ও ভালো ফলাফলের স্বীকৃতিস্বরূপ ইউজিসি কর্তৃক প্রবর্তিত একটি মর্যাদাপূর্ণ পুরস্কার হলো এই প্রধানমন্ত্রী স্বর্ণপদক।
২০১৯ সালের স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন কৃষি অনুষদের অন্যনা খাতুন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের আল জান্নাতুন নুর, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নুসরাত আফরিন শিল্পা, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের সুজানা দঙ্গল, ফিশারিজ অনুষদের ফারজানা খানম, গণিত বিভাগের রিশাত হোসাইন, অর্থনীতি বিভাগের বাবর আহমেদ এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের আফরোজা সুলতানা। এছাড়া ২০২০ সালের জন্য একমাত্র মনোনীত শিক্ষার্থী হলেন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের জাকিরুল হাসান জিহাদ।
২০২১ সালের জন্য মনোনীতদের তালিকায় রয়েছেন কৃষি অনুষদের মবিতা টাঙ্গিন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সালমা খাতুন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের রাকিবুল হাসান, ফিশারিজ অনুষদের কে এম তৌফিক হাসান, গণিত বিভাগের মোহাম্মদ শাহজাহান, অর্থনীতি বিভাগের নাজমিন আরা এবং ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের আনিকা তাহসিন।
উল্লেখ্য, এবার সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে মোট ৪৬৯ জন শিক্ষার্থী এই পদকের জন্য নির্বাচিত হয়েছেন। ইউজিসি ২০০৫ সালে মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দিতে এই স্বর্ণপদক প্রবর্তন করে। মূলত স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জনকারী মেধাবীদের এই পদকের মাধ্যমে সম্মানিত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০