
দেশের উন্নয়ন ও মানুষের সার্বিক কল্যাণে প্রবাসী বাংলাদেশিদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করা সম্ভব হলে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিই এর সুফল ভোগ করতে পারবেন। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জাপানের টোকিওর নিউ ওতানি হোটেলে প্রবাসী কমিউনিটির সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রী বলেন, ভৌগোলিক অবস্থান যেখানেই হোক না কেন, দেশের জন্য ভালো কিছু করার দায়বদ্ধতা সবারই রয়েছে। নিজ নিজ অবস্থান থেকে দেশের মানুষের কল্যাণে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। সভায় প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি শিক্ষা, স্বাস্থ্যসেবা, দক্ষ জনশক্তি তৈরি এবং জাপানের শ্রমবাজারে বাংলাদেশিদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে সরকারের পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন।
শিক্ষার্থীদের কর্মসংস্থান ও উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ইংরেজির পাশাপাশি জাপানি, জার্মান ও ফরাসিসহ কয়েকটি বিদেশি ভাষা শেখানোর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী বছর থেকেই স্কুলগুলোতে এসব ভাষা শেখানোর কার্যক্রম শুরু করার প্রত্যাশা রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, শিল্পকলা ও সংস্কৃতিচর্চার সুযোগ বাড়ানোর পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।
নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পুষ্টি, স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং ডায়াবেটিস, হৃদরোগ ও উচ্চ রক্তচাপ প্রতিরোধে সচেতনতা তৈরিতে কাজ করবেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা জোরদার করা গেলে উন্নত চিকিৎসার জন্য গ্রামের মানুষকে আর জেলা বা বিভাগীয় শহরে ছুটতে হবে না, যা বড় হাসপাতালগুলোর ওপর চাপ কমিয়ে আনবে।
প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে তারেক রহমান বলেন, বিদেশে অবস্থান করলেও সবাই বাংলাদেশের নাগরিক। দেশের অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব। জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দলটির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০