প্রখ্যাত কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও বিজ্ঞানী পূরবী বসু ৭৭ বছর বয়সে পরলোকগমন করেছেন। শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী ও বিশিষ্ট কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত। দীর্ঘদিন ধরে পারকিনসন্স রোগে আক্রান্ত ছিলেন পূরবী, যার ফলে শারীরিক নানা জটিলতা তৈরি হয়েছিল। এছাড়া অতীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকে তার শরীর ভেঙে পড়েছিল এবং পরবর্তীতে স্ট্রোকের শিকারও হয়েছিলেন তিনি।
১৯৪৯ সালের ২১ সেপ্টেম্বর মুন্সীগঞ্জে জন্মগ্রহণ করেন পূরবী বসু।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক শেষ করে তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে মেডিকেল কলেজ অব পেনসিলভানিয়া থেকে প্রাণরসায়নে স্নাতকোত্তর এবং ইউনিভার্সিটি অব মিসৌরি থেকে পুষ্টিবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যান্সার সেন্টার ও কর্নেল ইউনিভার্সিটিতে বিজ্ঞানী হিসেবে কাজ করেছেন। এছাড়া দেশে ফিরে ব্র্যাকের স্বাস্থ্য বিভাগে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
বিজ্ঞান গবেষণার পাশাপাশি বাংলা সাহিত্যের বিকাশেও রেখেছেন অনন্য অবদান। তার লেখনীতে নারীবাদী চেতনা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর লড়াই স্পষ্টভাবে উঠে এসেছে। গল্প, উপন্যাস, কবিতা ও প্রবন্ধ মিলিয়ে তার ৪০টির বেশি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘নারী তুমি নিত্য’, ‘অবিনাশী যাত্রা’, ‘আমার এ দেহখানি’, ‘প্রাচ্য পুরাণ ও প্রাচ্যে পুরাতন নারী’ এবং ‘নারী দীপাবলী’।
সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৫ সালে তিনি ‘অনন্যা সাহিত্য পুরস্কার’ এবং ২০১৩ সালে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ অর্জন করেন। ১৯৬৭ সালে জ্যোতিপ্রকাশ দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া পূরবী ব্যক্তিগত জীবনে স্বামী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর সময়ও তার পাশে ছিলেন জ্যোতিপ্রকাশ। বাংলা সাহিত্যের দুই সহযাত্রীর দীর্ঘ পথচলা তার প্রয়াণের মধ্য দিয়ে পূর্ণ হলো এক বিষাদময় সমাপ্তিতে। সাহিত্য ও জীবনের দীর্ঘ পথচলায় তারা ছিলেন একে অপরের সহযাত্রী।





