শনিবার (৩ অক্টোবর) রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন আয়োজিত জাতীয় মুফাসসির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বর্তমান পরিস্থিতির সমালোচনা করে বলেন, দেশের সাধারণ মানুষ নানামুখী কষ্টে দিনাতিপাত করছেন এবং তাদের জীবন, সম্পদ ও ইজ্জতের কোনো নিরাপত্তা নেই।
আলেমদের সতর্ক করে জামায়াত আমির বলেন, বিচ্ছিন্ন দু-একটি ঘটনার দায়ভার পুরো আলেম সমাজ বা মাদরাসা শিক্ষাব্যবস্থার ওপর চাপিয়ে দেওয়া হয়। সাদা কাপড়ে দাগ সহজে ধরা পড়ে উল্লেখ করে তিনি আলেমদের আরও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান।
মাদরাসা ও সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের পার্থক্যের বিষয়ে তিনি বলেন, কওমি বা আলিয়া মাদরাসায় কোনো ত্রুটি থাকলে তা কলেজ বা বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। কারণ, কলেজ-বিশ্ববিদ্যালয় ইসলামি মূল্যবোধের আদলে পরিচালিত হয় না। বিপরীতে, মাদরাসাগুলো ইসলামের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, তাই সেখানে স্বচ্ছতা বজায় রাখা অপরিহার্য।
নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি যোগ করেন, মাদরাসার আদর্শ হিসেবে মদিনার মসজিদে নববীর মাদরাসার কথা মাথায় রাখতে হবে। যেখানে স্বয়ং মহানবী হজরত মুহাম্মদ (সা.) শিক্ষক ছিলেন এবং সাহাবিরা ছিলেন ছাত্র। ইসলামের প্রচারক ও ধারক হিসেবে মাদরাসাগুলোতে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর তিনি জোরারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০