যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে সরিয়ে দেওয়া হতে পারে—এমন গুঞ্জনের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল স্পষ্ট করেছেন যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালনে হেগসেথ শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি এই পদ থেকে সরে দাঁড়াবেন না বা কোনো চাপে পিছু হটবেন না।
ফক্স নিউজ ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারে শন পারনেল বলেন, কোনো ধরনের অনিয়ম না থাকা সত্ত্বেও রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য একদল রাজনীতিক ভুয়া তদন্তের মাধ্যমে চাপ সৃষ্টি করছেন। তবে এসব হুমকির মুখে প্রতিরক্ষামন্ত্রী দমে যাবেন না। তিনি আরও জানান, যুদ্ধ মন্ত্রণালয় আইন মেনে সব কার্যক্রম চালাচ্ছে এবং প্রতিরক্ষামন্ত্রী নিয়মিতভাবে দেশের নিরাপত্তা নিশ্চিত ও মার্কিন সেনাদের নেতৃত্ব দেওয়া অব্যাহত রেখেছেন।
ডেমোক্র্যাটদের সাজানো তদন্ত ও হয়রানির ভয় সত্ত্বেও পেন্টাগন প্রেসিডেন্ট ট্রাম্পের কর্মসূচি বাস্তবায়নে বদ্ধপরিকর বলে জানান পারনেল। এর আগে সিবিএস নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, পিট হেগসেথকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তার উপদেষ্টাদের পরামর্শ চেয়েছেন। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে এই খবরটি চাউর হয়েছিল।
তবে এখন পেন্টাগনের এই আনুষ্ঠানিক বক্তব্যের পর বিষয়টি নতুন মোড় নিল। সংবিধান রক্ষা এবং মার্কিন নিরাপত্তার স্বার্থে হেগসেথ তার কার্যক্রম চালিয়ে যাবেন বলে মুখপাত্র নিশ্চিত করেছেন।






