
দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন। বৈঠকে প্রকল্পের অর্থায়ন, জমি অধিগ্রহণ ও পুনর্বাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়েছে। প্রকল্পগুলোর বাস্তবায়নে অর্থায়ন, জমি অধিগ্রহণ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের বিষয়েও বৈঠকে আলোচনা হয়।
বৈঠকে জানানো হয়, দ্বিতীয় পদ্মা সেতু ও দ্বিতীয় যমুনা সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ বর্তমানে চলমান রয়েছে। আগামী বছরের সেপ্টেম্বর নাগাদ এই সমীক্ষা কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে। এরপর সেতু দুটির অবস্থান, নকশা এবং নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যয় সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ওয়াই-আকৃতিতে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, যা বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি মোংলা বন্দর ও বেনাপোল-দর্শনা স্থলবন্দরের সঙ্গে বিকল্প যোগাযোগের নতুন পথ তৈরি হবে।
এদিকে, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের ক্ষেত্রে উত্তরবঙ্গের যোগাযোগ অবকাঠামো ও অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিশীলতা বৃদ্ধির বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একইসঙ্গে পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে। শুষ্ক মৌসুমে পানির প্রাপ্যতা নিশ্চিত করা, কৃষি উৎপাদন বাড়ানো, নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষা এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে এই ব্যারেজ প্রকল্পটি গুরুত্বপূর্ণ বলে বৈঠকে উল্লেখ করা হয়। এছাড়া ব্যারেজের ওপর দিয়ে সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপনের সম্ভাবনা নিয়েও কাজ চলছে। অন্যদিকে, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের ক্ষেত্রে রংপুরসহ উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।
প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট বিভাগের এই বৈঠকে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। এছাড়াও অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম. শাহাবুদ্দিন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০