
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে সাধন রঞ্জন চাকমা (৪৮) নামের এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে দুল্যাতলী ইউনিয়নের মেম্বারপাড়া এলাকায় নিজ বাড়ির অদূরে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন এবং মেম্বারপাড়া এলাকার বাসিন্দা ভারত মোহন চাকমার ছেলে। গত তিন দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সাধন রঞ্জন চাকমার নিখোঁজের বিষয়টি দুল্যাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্রিলন চাকমা পুলিশকে অবহিত করেন। এরপর পুলিশের একটি দল স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তল্লাশি শুরু করে। একপর্যায়ে বাড়ির কাছাকাছি পাহাড়ের পাশে একটি গাছে তাঁর মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। নিহতের গলায় একটি দাগ ছাড়া শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে হেমন্ত চাকমা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। প্রতিবেদনে যোগ করা তথ্য: পরে পুলিশ স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে তাঁর সন্ধানে খোঁজাখুঁজি শুরু করে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০