প্যারিস ফ্যাশন উইকের ব্যস্ততা শেষে সম্প্রতি মুম্বাই ফিরেছেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। বিমানবন্দরে পা রাখতেই তার ফ্যাশন সচেতন লুক ফের অন্তর্জালে আলোচনার জন্ম দিয়েছে। এদিন তিনি গাঢ় প্লাম রঙের একটি লেদার ট্রেঞ্চ কোট পরেছিলেন, যার সাথে ছিল কালো টি-শার্ট এবং গাঢ় ইন্ডিগো রঙের ফ্লেয়ারড ডেনিম প্যান্ট। পায়ে মানানসই গাঢ় লেদার বুট পরে তার পুরো সাজে আভিজাত্যের ছাপ স্পষ্ট ছিল।
তবে ঐশ্বরিয়ার পুরো লুকের চেয়ে নেটপাড়ায় এখন আলোচনার কেন্দ্রে রয়েছে তার হাতে থাকা ব্যাগটি। ইতালীয় ফ্যাশন ব্র্যান্ড 'বোত্তেগা বেনেতা'র আনদিয়ামোর মডেলের এই টপ-হ্যান্ডেল ব্যাগটি তার স্টাইলে বাড়তি মাত্রা যোগ করেছে। দ্য ফ্রি প্রেস জার্নালের তথ্য অনুযায়ী, গাঢ় বাদামি রঙের এই লেদার ব্যাগের হ্যান্ডেলে রয়েছে সেই বিখ্যাত ফ্যাশন হাউজের সিগনেচার চিহ্ন। এই ব্যাগটির বাজারমূল্য প্রায় ৬ লাখ ৫০ হাজার রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৮ লাখ ৩৩ হাজার টাকারও বেশি।
চলচ্চিত্রের পর্দায় নিয়মিত উপস্থিতি না থাকলেও ঐশ্বরিয়াকে এখন বিশ্বের বিভিন্ন নামি ফ্যাশন ইভেন্টে প্রায়ই দেখা যায়। কান চলচ্চিত্র উৎসবের সাম্প্রতিক আসরেও মেয়ে আরাধ্যকে নিয়ে তিনি উপস্থিত ছিলেন। বর্তমানে নিজের পরিবার, ব্যবসা এবং ফ্যাশন জগতের বিভিন্ন কর্মকাণ্ডেই তিনি বেশি ব্যস্ত সময় পার করছেন।
অভিনয়ের ক্ষেত্রে ঐশ্বরিয়াকে সর্বশেষ দেখা গিয়েছিল মনি রত্নম পরিচালিত আলোচিত সিনেমা ‘পোনিয়িন সেলভান: টু’-তে। ২০২৩ সালের ২৮ এপ্রিল মুক্তি পাওয়া দশম শতাব্দীর চোল সাম্রাজ্যের প্রেক্ষাপটে নির্মিত এই তামিল সিনেমাটিতে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেন। সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে দারুণ ব্যবসায়িক সাফল্য অর্জন করেছিল এবং দর্শকদের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০