এশিয়ান গেমস হকির গ্রুপ পর্বে পাঁচ ম্যাচে ২৩ গোল হজম করা বাংলাদেশ পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচেও জয়ের দেখা পায়নি। চীনের কাছে বড় ব্যবধানে ৭-১ গোলে হেরেছে তারা। এই হারের ফলে এখন সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে রোমান-আমিরুলদের। আগামী ৩রা অক্টোবর সেই ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটেই জিয়ালিয়াং ঝাংয়ের গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দুই মিনিট পর ইউলাই ঝাও ব্যবধান দ্বিগুণ করলে ২-০ গোলে পিছিয়ে থেকে প্রথম কোয়ার্টার শেষ করে লাল-সবুজরা। ২২ মিনিটে বেনহাই চেন গোল করার পর প্রথমার্ধের ঠিক আগে রাকিবুল হাসান একটি গোল শোধ দেন। এরপর তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে আরো চারবার লক্ষ্যভেদ করে চীন। চীনের বিপক্ষে এ পর্যন্ত খেলা নয়টি ম্যাচের মধ্যে বাংলাদেশ মাত্র একটিতে জিতেছে, একটি ম্যাচ ড্র হয়েছে এবং বাকি সাতটি ম্যাচ জিতেছে চীন। ফিল্ড গোল করে চীনকে এগিয়ে নেন জিয়ালিয়াং ঝাং। দ্বিতীয় কোয়ার্টারে লড়াইয়ের ছাপ রাখে লাল-সবুজ প্রতিনিধিরা।






