
২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ঐতিহ্য বজায় রেখে সাফল্য অর্জন করেছে রাজধানীর নটর ডেম কলেজ। তবে পরীক্ষার ফল ঘোষণার পর প্রতিবছর ক্যাম্পাসে যে আনন্দ-উচ্ছ্বাস ও কোলাহল দেখা যায়, এবার ভালো ফলাফলের পরও সেই চিরচেনা রূপ দেখা যায়নি। শনিবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় কলেজের প্রশাসনিক কার্যক্রম ও অফিস বন্ধ ছিল এবং ক্যাম্পাসে কৃতকার্য বা একাদশ শ্রেণির গুটিকয়েক শিক্ষার্থী ছাড়া শিক্ষার্থীদের তেমন উপস্থিতি চোখে পড়েনি। ফল প্রকাশের দিনে চিৎকার-চেঁচামেচি, উল্লাস আর ছবি তোলার উৎসবমুখর পরিবেশ এবার দেখা যায়নি।
কলেজ সূত্র ও ফিন্যান্স বিভাগের শিক্ষক রবিউল আউয়াল গণমাধ্যমকে ফলাফলের তথ্য নিশ্চিত করেছেন। তথ্য অনুযায়ী, এ বছর নটর ডেম কলেজ থেকে মোট ৩ হাজার ২৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ২১৮ জন শিক্ষার্থী, যার মধ্যে সর্বোচ্চ জিপিএ-৫ অর্জন করেছেন ২ হাজার ২২৯ জন। ফলে প্রতিষ্ঠানটিতে সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৮৩ শতাংশ।
বিগত বছরের ফলাফলের সাথে তুলনা করলে দেখা যায়, ২০২৫ সালের তুলনায় এবার নটর ডেম কলেজে পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কিছুটা কমেছে। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় কলেজটি থেকে ৩ হাজার ২৫১ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৩ হাজার ২২৬ জন পাস করেছিলেন। সে বছর জিপিএ-৫ পেয়েছিলেন ২ হাজার ৪৫৪ জন শিক্ষার্থী এবং পাসের হার ছিল ৯৯ দশমিক ৬০ শতাংশ। সেই হিসেবে এবার প্রতিষ্ঠানটির পাসের হার ও সর্বোচ্চ ফল অর্জনের সূচক কিছুটা হ্রাস পেয়েছে।
এদিকে চলতি ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে সামগ্রিক পাসের গড় দাঁড়িয়েছে ৫১ দশমিক ৬২ শতাংশ। জাতীয়ভাবেও বিগত বছরের তুলনায় এবার ফলাফলের সূচক নিমুখী। ২০২৫ সালে দেশজুড়ে গড় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ, অর্থাৎ গত বছরের তুলনায় এবার সারা দেশে গড় পাসের হার ৬ দশমিক ২১ শতাংশ কমেছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০