ডিজিটাল যুগে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি অপতথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার রোধে বাংলাদেশসহ বিশ্বের সব রাষ্ট্রকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষ্যে রাজধানীর তথ্য কমিশনের হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। এ বছরের প্রতিপাদ্য ছিল, ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্যরোধে তথ্য অধিকারের ভূমিকা’ নিয়ে।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান ডিজিটাল যুগে তথ্যের অভাব নেই, বরং সঠিক তথ্যের আড়ালে অপতথ্য ও অসত্য তথ্যের বিস্তার বিশ্বজুড়ে এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি জানান, তথ্য জানার অধিকার সবারই রয়েছে, তবে তা হতে হবে বস্তুনিষ্ঠ ও সঠিক। ভুল বা অসত্য তথ্য ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় গণতান্ত্রিক কাঠামোর ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এই ঝুঁকি মোকাবিলায় গণমাধ্যমকর্মী, রাজনীতিবিদসহ সমাজের সব স্তরের মানুষকে তথ্য পরিবেশনের ক্ষেত্রে অধিকতর দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন তিনি। একই সঙ্গে রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠন ও সাধারণ নাগরিকদেরও তথ্য ব্যবহারে দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। এতে নারী ও শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অধিকার ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সামাজিক ও পারিবারিক বন্ধনেও বিরূপ প্রভাব পড়তে পারে।
গণমাধ্যমের দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যমে যুক্ত ব্যক্তিদের যেকোনো তথ্য প্রচারের আগে তা যথাযথভাবে যাচাই করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয় ব্যবহার এবং এআই প্রযুক্তির অপব্যবহার করে মানুষের ছবি ও পরিচয় কাজে লাগিয়ে মানহানি বা হেয়প্রতিপন্ন করার প্রবণতা বাড়ছে। তিনি সতর্ক করে বলেন, এখন থেকেই যদি কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে ভবিষ্যতে অপতথ্য, অসত্য তথ্য ও এআইয়ের অনিয়ন্ত্রিত ব্যবহার বিশ্বকে বড় ধরনের হুমকির মুখে ফেলতে পারে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের গণমাধ্যম অধ্যয়ন ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুমন রহমান।
আলোচনা সভায় সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন। এ ছাড়াও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, তথ্য কমিশনের সচিব মো. শাহ আলমসহ সংশ্লিষ্ট নীতিনির্ধারক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা ডিজিটাল মাধ্যমে তথ্যের নির্ভরযোগ্যতা বজায় রাখা, অপতথ্য প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।





