ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস ইসরাইলি হামলায় নিহত হয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ‘আবু মাহমুদ’ নামে পরিচিত এই কমান্ডারকে রাফাহ ব্রিগেডের দায়িত্বে সামির আবু ইউনুসের স্থলাভিষিক্ত করা হয়েছিল। এর আগে ২০২৬ সালের সেপ্টেম্বরে এই ব্রিগেডের দায়িত্বে থাকা নায়েল আবু ওবেইদ, যিনি ‘আবু আতিয়া’ নামে পরিচিত ছিলেন, তিনিও একই ধরনের হামলায় নিহত হন।
গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে গত বৃহস্পতিবার ইসরাইলি বাহিনী এক রক্তক্ষয়ী হামলা চালায়। ইসরাইলের দাবি, ওই অভিযানে হামাসের খান ইউনুস ব্রিগেডের কমান্ডার মুহাম্মদ আবু ইসমাইল এবং সেখানে আশ্রয় নেওয়া কয়েকজন যোদ্ধাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে বাস্তবে ওই হামলায় একজন চিকিৎসক ও এক শিশুসহ অন্তত ছয়জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন।
ইসরাইলি বাহিনীর এই হামলার তীব্র নিন্দা জানিয়ে হামাস একে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে। সংগঠনটির দাবি, হামাস সদস্যদের লক্ষ্যবস্তুর অজুহাত দেখিয়ে চিকিৎসাকেন্দ্রের মতো সুরক্ষিত স্থাপনায় ইসরাইল যে আক্রমণ চালাচ্ছে, তা তাদের যুদ্ধাপরাধ আড়াল করার একটি নির্লজ্জ প্রচেষ্টা মাত্র। আন্তর্জাতিক আইন অনুযায়ী এ ধরনের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো সম্পূর্ণ সুরক্ষিত থাকার কথা।
হামাসের পক্ষ থেকে দখলদার বাহিনীর চলমান আগ্রাসন বন্ধ এবং যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর করার জন্য মধ্যস্থতাকারী ও মার্কিন প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে চলমান যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও ইসরাইলি হামলায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর আগে এক বিবৃতিতে হামাস বলেছিল, ‘দখলদার বাহিনীর চলমান লঙ্ঘন বন্ধে এবং যুদ্ধবিরতি মেনে চলা নিশ্চিত করতে মধ্যস্থতাকারী ও যুক্তরাষ্ট্রের প্রশাসনকে পদক্ষেপ নিতে হবে।’।






